কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ বলছে, তিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। 

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, গাছ কাটার করাত, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, ‘বন্দুকযুদ্ধে’ তাদের কয়েকজনও আহত হয়েছেন। তাঁরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের ভাষ্য, মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে বলে তাঁরা খবর পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে।

গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।