কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিউর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার বর্ষাকুষ্টিয়া গ্রামের আইন উদ্দীনের ছেলে। দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গ থেকে মতিউর রহমানের আত্মীয় মোক্তার হোসেন লাশটি গ্রহণ করেন। তবে তিনি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
খোকসা থানার ওসি নাজমুল হুদার ভাষ্যমতে, গভীর রাতে শিমুলিয়া এলাকায় একদল ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি করছে—এমন খবর পেয়ে টহল পুলিশ সেখানে যায়। ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ২০-২৫টি গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, শাটারগান, রামদা, গুলি ও করাত উদ্ধার করে। খোকসা থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।
যোগাযোগ করা হলে পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, তিনি থানায় নতুন এসেছেন। নিহত মতিউর রহমানের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা কাগজপত্র না দেখে বলা সম্ভব নয়।