কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় রবিন (৩০) নামের এক যুবককে স্থানীয় লোকজনের সামনেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রাতেই নুর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ বলেছে, রবিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে শহরের আড়ুয়াপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাজারহাট এলাকায় সড়কে যাওয়ার সময় ওত পেতে থাকা কয়েকজন যুবক রবিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, রবিনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১৪টি মামলা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য ও মাদক ব্যবসাসংক্রান্ত কোনো বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।