
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বাসায় ঢুকে একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ছয় ধাপের ইউপি নির্বাচনের তৃতীয় ধাপ শেষে গত দেড় মাসে সহিংসতার ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ৫২।
কুষ্টিয়াসহ চার জেলায় গতকাল সংঘর্ষ ও হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান এবং তাঁর লোকজন গতকাল সকাল নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোল্লা মাসুদ করিম ওরফে লাল্টু মোল্লার (৪২) বাড়িতে হামলা করে তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মাসুদ করিম স্থানীয় মৎস্য খামারি এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দীন শেখের সমর্থক। তাঁর বাড়ি আলামপুরে ইউনিয়নের দহকুলা গ্রামে।
মাসুদ করিমের ভাবি মাহফুজা বেগম বলেন, গতকাল সকালে আখতারুজ্জামান, তাঁর ছেলে সজীব ও বিপ্লবের নেতৃত্বে ৫০-৬০ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাসুদের বাড়িতে হামলা চালান। এ সময় আখতারুজ্জামান তাঁর লাইসেন্স করা শটগান দিকে মাসুদকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অন্যরা ধারালো অস্ত্র নিয়ে মাসুদ করিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ময়নাতদন্ত সম্পন্নকারী তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, মাসুদ করিমের দুই চোখের নিচে ও পেটের দুই পাশে চারটি আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন জানান, মাসুদ দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে এসে তিনি মাছের ঘেরের ব্যবসা শুরু করেন। তিনি ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সাবেক নেতা সিরাজ উদ্দীন শেখের সমর্থক। এই কারণে তাঁদের ওপর ক্ষিপ্ত ছিলেন আখতারুজ্জামান ও তাঁর সমর্থকেরা।
এর আগে সকালে দহকুলা বাজারে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা সিরাজ উদ্দীনের সমর্থকদের ওপর হামলা চালালে ১০ জন আহত হয়।
গতকাল হত্যাকাণ্ডের ঘটনার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে।
সিরাজ উদ্দীন বলেন, বুধবার নির্বাচনী প্রচারণা সভায় জেলা আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক বক্তব্য দেওয়ার পরই আখতারুজ্জামান বেপরোয়া হয়ে ওঠেন এবং হামলা ও হত্যার ঘটনা ঘটান। আখতারুজ্জামান অবশ্য হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
রাজবাড়ী: পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল আলীম মণ্ডল ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুন খানের লোকজনের মধ্যে গতকাল সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতটি ফাঁকা গুলি চালায়। তিনজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরের দিকে স্থানীয় চরআফড়া গ্রামের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান বিদ্রোহী প্রার্থী। পরে ওই গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল আলীম একই গ্রামে প্রচারণা চালাতে যান। তখন উভয় প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
নোয়াখালী: হাতিয়ার চরকিং ইউনিয়নের জনতাবাজারে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকেরা দলের বিদ্রোহী ও পরাজিত প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থক মো. বাবলুকে কুপিয়ে আহত করেন গতকাল সকালে। এ ছাড়া নিঝুম দ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী মেহরাজ উদ্দিনের সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী কাজী সাইফুল ইসলামের সমর্থক মেহরাজকে কুপিয়েছেন বেলা ১১টার দিকে।
বগুড়া: ধুনটের চিকাশি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পরাজিত প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকেরা মতিউর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। তাঁকে পিটিয়ে আহত করেছেন। এ ছাড়া তাঁদের ভয়ে গ্রাম থেকে পালিয়ে বেড়াচ্ছে দুটি পরিবার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।