কুষ্টিয়ায় বাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রামে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। আরও হামলার আশঙ্কায় ওই এলাকার অনেক লোক অন্যত্র চলে গেছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদগ্রামে গত ৬ নভেম্বর রাত ও পরদিন শনিবার সকালে দুই দফায় আওয়ামী লীগের সমর্থক মালিথা বংশ ও জাসদের সমর্থক মণ্ডল বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় আটজন আহত হন। এঁদের মধ্যে জাসদ-সমর্থক বাবলু মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার রাত তিনটার দিকে তিনি মারা যান।
বাবলুর মৃত্যুর খবরে গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাঁর পক্ষের লোকজন চাঁদগ্রামে আওয়ামী লীগের সমর্থকদের অন্তত আটটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান মিঠু প্রথম আলোকে বলেন, আদিম যুগের মতো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। জাসদের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম এ অভিযোগ অস্বীকার করেছেন।