কুষ্টিয়ায় বিনা মূল্যের চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার শিশিরপাড়া মাঠের কাছে আজ শুক্রবার সকালে মীর সানাউর রহমান নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ওই চিকিৎসকের সঙ্গে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকেও কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় এই শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সানাউরের বাড়ি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরে। শিশিরপাড়া মাঠের কাছে তাঁর একটি বাংলো বাড়ি আছে। সেখানে দীর্ঘ ১০ বছর ধরে তিনি প্রতি শুক্রবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতেন। শিক্ষক সাইফুজ্জামান তাঁর বন্ধু। বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার ব্যাপারে তিনি সানাউরকে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। তাঁর বাড়ি কুষ্টিয়া শহরতলির বলদহ গ্রামে। তিনি শহরের কালিশংকরপুরে ভাড়া বাড়িতে থাকেন।

সানাউর ও সাইফুজ্জামান বাউল তত্ত্বের অনুসারী বলে তাঁদের পরিচিত ব্যক্তিরা দাবি করেছেন।

হতাহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে সানাউর ও সাইফুজ্জামান শিশিরপাড়া মাঠের কাছে সানাউরের বাংলো বাড়িতে যাচ্ছিলেন। তাঁরা ওই বাড়ির কাছাকাছি পৌঁছালে সকাল নয়টার দিকে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি তাঁদের পেছন থেকে কুপিয়ে জখম করে। সানাউর ঘটনাস্থলে মারা যান। সাইফুজ্জামানকে হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পূর্ব শত্রুতার জেরে সানাউরকে হত্যা করা হতে পারে। তাঁর মাথার পেছনে ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন রয়েছে। শিক্ষকের মাথার পেছনেও কোপ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তের অস্ত্রের কোপে ছিন্ন হয়ে যাওয়া শিক্ষকের হাতের দুটি আঙুলও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।