কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট বাজারে বোমা বিস্ফোরণে নাইম হোসেন (১৮) নামের এক তরুণ মারা গেছেন। এ ঘটনায় হাফিজুর রহমান (১৮) নামে নাইমের এক সঙ্গী ও হাবিবুর রহমান (৪০) নামের এক পথচারী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাইমের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট সর্দারপাড়ায়। আহত হাফিজুর ও হাবিবুরের বাড়ি একই এলাকায়। আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, নিজের বহন করা বোমায় নিহত হয়েছেন নাইম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাইম ও হাফিজুর কবুরহাট বাজারে যান। হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, নাইমের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।