কুষ্টিয়ায় ব্যবসায়ীকে হত্যা
কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় গত বৃহস্পতিবার রাতে আবুল কাশেম (৪০) নামের এক বেকারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে আজাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আবুল কাশেম আমলাপাড়ার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিনি শহরের এন এস রোডে ফুড কিং ফাস্টফুড কনফেকশনারির মালিক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে আবুল কাশেম দোকান বন্ধ করে আমলাপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্ত আমলাপাড়া সড়কে তাঁর গতিরোধ করে। একপর্যায়ে কাশেমকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। কাশেমের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। রাত সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, বেশ কয়েক বছর আগে থেকে আবুল কাশেমের স্ত্রী কুষ্টিয়া শহরে মৌবন সুইটস নামে একটি ফাস্টফুড কারখানায় কাজ করতেন। সেখানে কারখানার কর্মচারী আজাদের সঙ্গে স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে সম্প্রতি কাশেম স্ত্রীকে নিয়ে নিজেরাই একটি ফাস্টফুডের দোকান দেন।
ওসি আরও বলেন, ঘটনার পর রাতে শহরের দত্তপাড়ায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।