কুষ্টিয়ায় ব্যবসায়ীর বাড়ির সামনে বোমা ও চিরকুট
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডী গ্রামে এক ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে একটি বোমা ও হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার খলিশাকুণ্ডী ক্যাম্পের পুলিশ লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের ব্যবসায়ী আফজাল গাজীর (৫৫) বাড়ির প্রধান ফটকের সামনে গত রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একটি বোমা ও হাতে লেখা চিরকুট রেখে যায়। গতকাল সকালে বাড়ির লোকজন তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর খলিশাকুণ্ডী পুলিশ ক্যাম্পের এসআই মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেন।
এসআই বলেন, ককটেলসদৃশ্য বস্তুটি জর্দার কৌটার ভেতর লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পলিথিনের ভেতরে ছিল। সেটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে একটি চিরকুট রয়েছে। তাতে লেখা রয়েছে, ‘কামাল ও রাহান মেম্বারের কিছু হলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।’
এসআই জানান, ধারণা করা হচ্ছে, আফজাল গাজীর সঙ্গে তাঁদের বিরোধ আছে। আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটেছে।