জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদে নাম মো. সোহরাব আলী শেখ। ব্যবস্থাপত্র ও ভিজিটিং কার্ডে লেখা ডা. এস এ শেখ, এমবিবিএস, এমআইএজিপি (ক্যাল), এফসিসিপি (ফাইনাল দিল্লি), চর্ম, যৌন, হাঁপানি ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গের কল্যাণী হাসপাতাল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো অনুমোদন তাঁর নেই। কিন্তু চার বছর ধরে প্রতি শনি ও রোববার কুষ্টিয়া শহরের একতা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছেন।
গতকাল শুক্রবার সকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ একতা ডায়াগনস্টিকে অভিযান চালান। সোহরাব আলী শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সব সনদ দেখান। দাবি করেন, ভারতে মেডিকেল কলেজে পড়েছেন। তবে বাংলাদেশে চিকিৎসার জন্য বিএমডিসির কোনো সনদ তিনি দেখাতে পারেননি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসিমুল বারি বাপ্পী প্রথম আলোকে বলেন, বিএমডিসির সনদ ছাড়া রোগী দেখা শাস্তিযোগ্য অপরাধ। দেশের বাইরে থেকে যত বড় ডিগ্রিই নিয়ে আসুক না কেন, তাঁকে এ সনদ নিতেই হবে। এই সনদ নেই মানে ওই চিকিৎসক ভুয়া।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ বলেন, সোহরাব আলী শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই দিনের মধ্যে কুষ্টিয়া ছেড়ে যেতে বলা হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, চিকিৎসা সনদগুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একতা ডায়াগনস্টিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ওই চিকিৎসকের জন্মসনদে চুয়াডাঙ্গার শংকর চন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ঠিকানা দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গার শংকর চন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ইউপি সদস্য সাদেক আলী বলেন, গ্রামে সোহরাব আলী শেখ নামে কোনো চিকিৎসক নেই। তাঁর বাবা আজিম উদ্দীন শেখকেও চেনেন না বলে জানান তিনি।