কুষ্টিয়ায় মাদক সেবনের দায়ে সাতজনের সাজা
কুষ্টিয়ায় মাদক ব্যবসা ও সেবনের দায়ে সাতজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া শহরের মিললাইন এলাকায় অভিযান চালিয়ে দেশওয়ালী পাড়া এলাকার মাদক ব্যবসায়ী নান্নুকে (৪৫) গাঁজাসহ আটক করে পুলিশ। এ ছাড়া কোর্ট স্টেশন এলাকায় মাদক সেবনের অভিযোগে সদর উপজেলার জগতি এলাকার আতিকুর রহমান (৩৬), সুখনগর বস্তি এলাকার বাচ্চু (৩২), কবুরহাট এলাকার মিথুন (১৮), হরিবাস গলির গৌতম দত্ত (৩০), কুমারখালী উপজেলার কুশলী বাসা এলাকার মারুফ (২৫) ও খুলনার খানজাহান থানা এলাকার ওয়াসিম শেখকে (২৭) আটক করা হয়। পরে দুপুরে আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক হাফিজ আল আসাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্নুকে দুই বছর, আতিকুরকে তিন মাস, বাচ্চুকে এক বছর, মিথুনকে তিন মাস, গৌতমকে তিন মাস, মারুফকে তিন মাস ও ওয়াসিমকে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ সময় সেখানে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এসআই আতিকুর রহমান বলেন, দণ্ডাদেশ পাওয়ার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।