কুষ্টিয়ায় মার্কিন নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে এক মার্কিন নারী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সাংবাদিক গতকাল রোববার ই-মেইলের মাধ্যমে কুষ্টিয়া জেলা পুলিশকে অভিযোগটি করেছেন। এর একটি অনুলিপি জেলা প্রশাসকের কাছেও দেওয়া হয়েছে।
তবে হোটেলের মালিক এ অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ এবং ওই সাংবাদিকের বাংলাদেশি দুজন বন্ধু ও পুলিশ সূত্র জানায়, ৫ মার্চ কুষ্টিয়া শহরের থানাপাড়ায় আবাসিক হোটেল ‘খেয়া’য় একটি কক্ষ ভাড়া নেন মার্কিন ওই ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। ওই দিন রাত একটার দিকে হোটেলের মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় তাঁর কক্ষের দরজা খুলতে বলেন। একই সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন। দরজা না খোলায় বিশ্বনাথ হোটেলের রেজিস্ট্রার থেকে সাংবাদিকের মুঠোফোন নম্বর নিয়ে বারবার ফোন করতে থাকেন। ভীত হয়ে কুষ্টিয়ায় এক বন্ধুকে ফোন করেন ওই সাংবাদিক। রাতেই তাঁকে হোটেল থেকে উদ্ধার করেন ওই বন্ধু।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হোটেলমালিক বিশ্বনাথ সাহা প্রথম আলোকে বলেন, ‘ওই রাতে তিনি হোটেলে গিয়েছিলেন। সে সময় হোটেলে একটি অনুষ্ঠান হচ্ছিল। উচ্চ শব্দের কারণে ওই নারী উত্তেজিত হয়ে যান। আমি পরিচয় দিলে তিনি মুঠোফোন নম্বর নিয়ে কক্ষে চলে যান।’ তিনি আরও বলেন, বাড়ি ফেরার সময় ওই নারীর ফোন পেয়ে আবার হোটেলে ফেরেন তিনি। কিন্তু নারীর কক্ষে গিয়ে নক করলেও তিনি দরজা খোলেননি। এর বেশি কিছু হয়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ই-মেইলের মাধ্যমে অভিযোগটি পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’