কুষ্টিয়ায় রেলের জায়গা দখল
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলস্টেশন এলাকায় রেলের সরকারি কোয়ার্টার দখলমুক্ত করতে ভেঙে ফেলা হচ্ছে। অপরদিকে ভেঙে ফেলা ভবনের জায়গা আবার দখল করে নিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের একটি চক্র এসব সরকারি সম্পত্তি দখল করে প্লট আকারে বিক্রিও করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এই চক্রের নেতৃত্বে রয়েছেন আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল বারী। তবে তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
দখলমুক্ত জায়গা প্লট বা দোকান আকারে বিক্রি করার ব্যাপারে জানতে চাইলে পাকশী রেলওয়ে জোনের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আবু জাফর মিয়া প্রথম আলোকে বলেন, এ রকম করার কোনো সুযোগই নেই। এটা কেউ করতে পারেন না। আপাতত ভেঙে ফেলা অংশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হবে, যাতে কোনো সমস্যা না হয়।
রেলওয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও কোয়ার্টারে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হালসা স্টেশনসংলগ্ন প্রায় পাঁচ বিঘা জমির ওপর রেলের পাকশী জোনের একতলা নয়টি কোয়ার্টার ছিল। এসব কোয়ার্টার স্থানীয় কয়েকটি পরিবার অবৈধভাবে দখলে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। এসব কোয়ার্টারে মাদকের ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রেলের পাকশী জোনের কর্মকর্তারা কোয়ার্টারগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। ভবন অপসারণসহ যাবতীয় মালামাল বিক্রির জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়।
দরপত্রে ভবনগুলো অপসারণের কাজ পান পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকার একজন ঠিকাদার। পরে ওই ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে নেন আবদুল বারী। কয়েক সপ্তাহ আগে এসব ভবন ভাঙার কাজ শুরু হয়। ভাঙার কাজ প্রায় শেষের দিকে। এখন সেখানে কিছু ইট-সুরকি পড়ে আছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোয়ার্টার ভাঙার কাজ শেষ না হতেই উদ্ধার হওয়া বেশ কিছু জমি দখল হয়ে গেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এসব জমি দখলে নিয়ে ভাগাভাগি করে প্লট আকারে সীমানা তৈরি করছেন। আবদুল বারীসহ তাঁর লোকজন এসব প্লট-বাণিজ্যের পেছনে রয়েছেন। কোয়ার্টারে ছিলেন এমন কয়েকজন বাসিন্দা সম্প্রতি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাংসদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং পাকশী রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন। তাঁরা উদ্ধার হওয়া রেলের এসব জায়গা সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দখলকারী লোকজনের নাম ও পরিচয় তুলে ধরেন।
চক্রের একজন সদস্য সম্প্রতি জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, আবদুল বারীর নেতৃত্বে সব হচ্ছে। দলের লোকজনই এসব জায়গা দখল করে নিচ্ছেন। সেখানে দোকান নির্মাণ করা হবে। গত বৃহস্পতিবার দখল করা জায়গায় খুঁটি পোঁতা হয়েছে। তিনি বলেন, প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে। টাকা কে নিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, এত সব বলা যায় না।
দখলের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আরেকজন বলেন, জমিতে খুঁটি পোঁতা হয়েছে। কংক্রিটের পিলার তুলছেন কেউ কেউ। আবদুল বারী ছাড়াও সাবু ডাক্তার, আহম্মদ আলী, হারুন, জাহাঙ্গীর, আশরাফুলসহ এলাকার আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা এসব প্লটের ভাগ পেয়েছেন। ১০ ফুট বাই ১৪ ফুট করে জায়গা দেওয়া হচ্ছে সবাইকে। এ জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা দিতে হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুল বারী বলেন, ‘ঠিকাদারই ভাঙছে, আমরা ইটগুলো কিনেছি। যার যার দখলে ছিল, তারাই প্লট করছে। কেউ না কেউ অবৈধভাবে দখল করেছিল। রেলওয়ে এলাকায় সারা বাজারই অবৈধভাবে ছিল।’ প্লট বা দোকান আকারে বিক্রির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘রাজনীতি করি বলে বিরোধী লোকজন এমন অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেখা করে বিস্তারিত বলব।’
আবু জাফর মিয়া বলেন, কোয়ার্টারগুলো দীর্ঘদিনের পুরোনো, যা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে অবৈধভাবে কয়েকটি পরিবার বসবাস করত। তা ছাড়া কোয়ার্টারগুলোতে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যকলাপ হতো। এ জন্য দরপত্রের মাধ্যমে একজন ঠিকাদারকে কোয়ার্টারগুলো ভেঙে মালামাল নিয়ে যাওয়ার কাজ দেওয়া হয়েছে। যাঁরা কাজ পেয়েছেন, তাঁরাই ভাঙছেন।