কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সি (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
মুকুলের বাড়ি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে। র্যাব বলছে, তিনি ডাকাত ছিলেন।
র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি হবে, এমন খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে ডাকাতেরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টা গুলিবিনিময়ের পরে জঙ্গলের ভেতর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। র্যাবের সদস্যরা এলাকাবাসীর সহায়তায় মুকুল মুন্সির পরিচয় নিশ্চিত হন।
মুকুলের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ছয়টি ও কুমারখালী থানায় একটি মামলা রয়েছে বলে জানায় র্যাব।