কুষ্টিয়ায় শিবমন্দিরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধের জেরে শিবমন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাড়রা গ্রামে এই ঘটনা ঘটে।
ভাড়রা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর আগে অমর জিৎ বিশ্বাস শতাধিক বিঘা সম্পত্তি রেখে মারা যান। পরে তাঁর স্ত্রী দুর্গারানী নাবালক দুই সন্তান সুফল বিশ্বাস ও বিফল বিশ্বাসকে নিয়ে ১৯৮৪ সালের দিকে ভারতে চলে যান। তাঁদের রেখে যাওয়া ওই জমিতে অন্তত ৩০টি পরিবার বসবাস শুরু করে।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী কলিমুদ্দিন ও তাঁর ভাইয়েরা অমর জিৎ বিশ্বাসের ওয়ারিশদের কাছ থেকে ওই জমি কিনেছেন বলে প্রচার চালিয়ে আসছেন। তাঁরা ওই জমিতে বসবাসকারীদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। একপর্যায়ে তাঁরা আদালতে মামলাও করেন। গতকাল স্থানীয় এক সার্ভেয়ারসহ কলিমুদ্দিন ও তাঁর ভাইয়েরা জমি মাপতে শুরু করেন। এ সময় ওই জমির বাসিন্দারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কুলিমুদ্দিনের লোকজন গ্রামের দ্বিজেন্দ্রনাথ সরকারের বাড়ির আঙিনায় শিবমন্দিরের প্রতিমা ভাঙচুর করেন।
কলিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাঁর পক্ষের একজন জমির মালিকানা দাবি করে বলেন, প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে ওই জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি মাপার সময় একটু ঝামেলা হয়েছে। কিন্তু তাঁদের পক্ষ থেকে মন্দিরে হামলার অভিযোগ সঠিক নয়। তৃতীয় পক্ষের কেউ মন্দিরে হামলা চালিয়ে থাকতে পারে।