কুষ্টিয়ায় সাড়ে চার বিঘার কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষকের লাগানো সাড়ে চার বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে কৃষক হেলাল উদ্দিন দিশেহারা হয়ে পড়েছেন।
হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকার কিছু লোক শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি। এ ব্যাপারে গতকাল শনিবার বিকেলে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল উদ্দিন গতকাল বিকেলে বলেন, এ বছর বিলগাথুয়া গ্রামের মাঠে তিনি সাড়ে পাঁচ বিঘা জমিতে কলাগাছের চারা লাগান। পরিচর্চা করতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। অধিকাংশ গাছ বড় হয়ে মোচা ধরা শুরু হয়েছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা গাছের মাঝ থেকে কেটে ফেলে রাখে। সকালে অন্যান্য কৃষকের সঙ্গে মাঠে গিয়ে তিনি কাটা গাছ দেখতে পান। এ সময় তিনি খেত দেখে কান্নায় ভেঙে পড়েন।
হেলাল উদ্দিন আরও বলেন, কয়েক দিন আগে কুষ্টিয়ার এক ব্যবসায়ী কলাবাগান পরিদর্শন করে পাঁচ লাখ টাকায় কেনার প্রস্তাব দিয়েছিলেন। এলাকার কয়েকজন শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।
প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের ইউপি সদস্য ও হেলাল উদ্দিনের মামা ইসলাম হোসেন বলেন, প্রায় প্রতিটি কলাগাছে কাঁদি বের হয়েছিল।
দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির উদ্দীন আহমেদ বলেন, অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।