কুষ্টিয়ায় স্পিরিট পানে একজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে স্পিরিট পান করার পর লাফু জোয়ার্দ্দার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্পিরিট বিষাক্ত ছিল দলে বলে ধারণা করা হচ্ছে। লাফু জোয়ার্দ্দারের বাড়ি দৌলতপুর উপজেলার মুসলিমনগর গ্রামে।
পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়েন লাফু জোয়ার্দ্দার। স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রাজিব শাহরিয়ার তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে জোয়ার্দ্দারের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।