কুষ্টিয়ায় হাতকড়া পরানো যুবককে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার কুমারখালীতে হাতকড়া পরানো এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় দিকে উপজেলার ধলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম উজ্জ্বল হোসেন (৩০)। স্থানীয় কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী থানার আওতাধীন চৌরঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাফি খান একজন পুলিশ সদস্যকে নিয়ে ধলনগর স্কুল পাড়ায় অভিযান চালান। একপর্যায়ে উজ্জ্বলকে আটক করে তাঁকে হাতকড়া পরানো হয়। এসআই কাফি বলেন, উজ্জ্বলকে আটক করার জন্য সকালে ওসির কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ৫০-৬০ জন উজ্জ্বলকে ছিনিয়ে নিয়ে যায়। উজ্জ্বলের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
তবে সন্ধ্যায় যোগাযোগ করা হলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে তাঁর থানায় কোনো মামলা নেই।
কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বলেন, হাতকড়াসহ উজ্জ্বল পালিয়েছেন। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।