কুষ্টিয়ায় 'চরমপন্থী' নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের একটি মাঠ থেকে আজ শুক্রবার ‘চরমপন্থী’ নেতা রবিউল ইসলাম ওরফে বেড়ে রবির (৪৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রবিউল ইসলামের বাবার নাম সুরো মোল্লা। ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরাণপুর গ্রামে তাঁর বাড়ি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্য, রবিউল ইসলাম চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক বাহিনী প্রধান। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ১২টি মামলা রয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন পান্টি মাঠের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে। লাশের পেছন দিক থেকে হাত এবং পা বাঁধা ছিল।
কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বলেন, লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিউলকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।