কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা' নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। তার নাম পলাশ মালিথা (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গাবটতলায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, পলাশ মালিথা চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে ১০-১২টি মামলা রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিনের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাতে ভাঙ্গাবটতলা এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দড়ি বেঁধে একদল চরমপন্থী ডাকাতির চেষ্টা করছে—এমন খবরের ভিত্তিতে টহলরত পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় সেখানে থাকা চরমপন্থী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানতে পারেন লাশটি চরমপন্থী নেতা পলাশ মালিথার। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জালাল উদ্দিনের দাবি, পলাশ মালিথা মিরপুর উপজেলার আমলা খামারপাড়ার আবুল মালিথার ছেলে। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সে জেলা পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যা, দুটি অস্ত্র, দুটি বোমাবাজি ও চাঁদাবাজিনসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
পুলিশের এ ভাষ্য সম্পর্কে পলাশ মালিথার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, একটি শাটারগান ও তিনটি গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।