কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভাঙা বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত এনামুলের (৩৫) বাড়ি মিরপুরের আসাননগর গ্রামে। বাবার নাম রবিউল ইসলাম। পুলিশের দাবি, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন এনামুল।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, এনামুলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় ১৭টি, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় ছয়টি ও মিরপুর থানায় একটিসহ মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি হত্যা, ১২টি অপহরণ ও বাকিগুলো অস্ত্র আইনের মামলা। দুটি মামলায় ২৪ বছরের পলাতক আসামি ছিলেন তিনি।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের ভাষ্যমতে, বেশ কিছুদিন ধরে মিরপুরের ইটভাটাগুলোতে চাঁদা দাবি করে আসছিল চরমপন্থীরা। শনিবার রাতে ভাঙা বটতলা এলাকার একটি ইটভাটায় চরমপন্থীরা চাঁদা নিতে আসবে—এমন খবর পেয়ে ডিবি ও মিরপুর থানার পুলিশের একটি দল ওই এলাকায় রাত ১২টার দিকে টহল দিতে শুরু করে। রাত সোয়া তিনটার দিকে চরমপন্থীরা সেখানে আসে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের পর চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এনামুলকে পড়ে থাকতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, বন্দুকের চারটি গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, এনামুল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শীর্ষ নেতা আবির হাসানের সহযোগী ছিলেন। আবির বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর এনামুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা হিসেবে নিজস্ব বাহিনী গড়ে তোলেন।
পুলিশ জানায়, এনামুল তাঁর বাহিনী নিয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ইটভাটাগুলোতে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা না পেলে ইটভাটামালিকদের সন্তানদের অপহরণ করতেন।