কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শেহালা-আদাবাড়িয়া মাঠের বাঁধা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সেলিম মোল্লা দৌলতপুর উপজেলার মধুগাড়ি গ্রামের আলেক মোল্লার ছেলে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলামের ভাষ্যমতে, শেহালা-আদাবাড়িয়া মাঠে ডাকাতদের গোপন বৈঠকের খবর পেয়ে কুষ্টিয়া ডিবি পুলিশ ও দৌলতপুর থানা-পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হন।
নিহত সেলিমের বাবা আলেক মোল্লা বলেন, সেলিম এক বছর ধরে ঢাকায় থাকতেন। গত বুধবার রাতে পুলিশ সেলিমকে আটক করে বলে তাঁর স্ত্রী মুঠোফোনে জানান। গতকাল সকালে তিনি স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম নিহত হয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর বলেন, সেলিমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।