কুড়িগ্রাম থেকে অপহরণ, উদ্ধার তেঁতুলিয়ায়
কুড়িগ্রাম সদর উপজেলা থেকে অপহরণের তিন দিন পর এক শিশুকে গত বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে একজনকে আটক করা হয়। আজ শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম ফাইম ইসলাম (৭)। সে কুড়িগ্রাম সদর উপজেলার মহেন্দ্র নারায়ণ গ্রামের একরামুল হকের ছেলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পল্লব চন্দ্র রায় (২৫)। তাঁর বাড়ি ঠাকুরগাঁও শহরের হলপাড়ায়।
পুলিশ ও ওই শিশুর পরিবারের সদস্যরা জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত মঙ্গলবার একরামুল হকের বাড়িতে পল্লব চন্দ্র রায় বেড়াতে আসেন। তিনি ফাইমকে কুড়িগ্রাম শহরে বেড়িয়ে আনার কথা বলে নিয়ে যান। সন্ধ্যা পেরিয়ে গেলে বাড়ি না ফেরায় তাঁদের খোঁজাখুঁজি শুরু হয়। পল্লবের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরদিন দুপুরে পল্লবের মুঠোফোনে কল করলে তাঁকে পাওয়া যায়। ফোনে তিনি বলেন, ‘ফাইমকে অপহরণ করেছি। ৫০ হাজার টাকা দিলে তাকে পাবে। টাকা নিয়ে ধরলা সেতুর পূর্ব পাশে আসো।’ ফাইমের বাবা ওই দিন কুড়িগ্রাম সদর থানায় অপহরণের মামলা করেন।
কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর অবস্থান নিশ্চিত হন তাঁরা। বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া থানা-পুলিশের সহযোগিতায় থানা-সংলগ্ন এলাকা মমিনপাড়ায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে ফাইমকে উদ্ধার ও একজনকে আটক করা হয়। গতকাল তাঁদের কুড়িগ্রাম সদর থানায় নিয়ে আসা হয়। ফাইমকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।