কুড়িগ্রাম সরকারি কলেজের ইট লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সরকারি কলেজের নির্মাণাধীন ছাত্রাবাসের সামনের রাস্তার প্রায় পাঁচ লাখ টাকা দামের ইট রাতের আঁধারে লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জড়িত বলে অভিযোগ উঠেছে।
কলেজ সূত্রে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেন। তাঁর আগমন উপলক্ষে শিক্ষা প্রকৌশল বিভাগ ৬ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে কুড়িগ্রাম-চিলমারী সড়ক থেকে কলেজ মাঠের জনসভাস্থল পর্যন্ত ইটের রাস্তা তৈরি করে। এ রাস্তায় প্রায় ৬৩ হাজার ইট ব্যবহার করা হয়। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ইটগুলো তুলে ট্রলিতে করে নিয়ে যায়। একপর্যায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সহযোগিতায় রাত দেড়টার দিকে পুলিশ ইটবোঝাই ট্রলিসহ তিনটি ট্রাক্টর জব্দ করে। এ সময় ৩০ শ্রমিককে আটক করা হয়।
সফিকুল বলেন, রাত ১২টার দিকে তিনি খবর পান, কলেজ ক্যাম্পাসের রাস্তার ইট গাড়িতে করে নিয়ে যাচ্ছেন পৌর ছাত্রলীগের কয়েকজন নেতা। তিনি জেলা ছাত্রলীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ইটবোঝাই তিনটি ট্রাক্টর ও ৩০ জন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। ওই শ্রমিকেরা পুলিশকে বলেছেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সহসভাপতি ফিরোজ সাহীসহ কয়েকজন তাঁদের এই ইট তোলার কাজে লাগিয়েছেন।
জব্দ ট্রাক্টরগুলোর মালিক সাজ্জাদ হোসেন বলেন, রাজু আহমেদ মালামাল পরিবহনের জন্য তাঁর কাছ থেকে তিনটি ট্রাক্টর নিয়েছিলেন। পরদিন তিনি জানতে পারেন, ইট লুটের অভিযোগে পুলিশ ট্রাক্টরগুলো থানায় নিয়ে গেছে। তবে রাজু আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জেলা ছাত্রলীগের দলাদলির কারণে একটি পক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে অপপ্রচারকারীরাই ঈদের আগে ওই রাস্তার অর্ধেক ইট লুট করে নিয়ে গেছে।’