কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি টুলু (৬০) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামের বাসিন্দা। বিএসএফের গুলির ঘটনায় আহত হন ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাদ আলী (৩৫)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, কাউয়ার চর গ্রামের ধর্মপুর সীমান্তে ১০৫৬ নম্বর পিলার দিয়ে রাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন টুলু ও সিফাদ। এ সময় ভারতের বিএসএফ গুটলিগাঁও ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান টুলু, গুলিবিদ্ধ হয়ে আহত হন সিফাদ।
জামালপুল বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান বলেন, বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।