কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর কলেজপাড়ার রোকন ছাত্রাবাস থেকে গতকাল বৃহস্পতিবার মো. কাজল মিয়া (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাজল জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রাবাসে গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কাজল। গতকাল দুপুর পর্যন্ত তাঁর রুমের দরজা বন্ধ দেখে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাঁকে ডাকাডাকি করেন। এতে সাড়া না দেওয়ায় ওই ছাত্ররা বিষয়টি ছাত্রাবাস কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ বেলা তিনটার দিকে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান বলেন, ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।