কুড়িগ্রামে ছড়া থেকে তরুণের লাশ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি ছড়া থেকে সোহান (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানার পুলিশ। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের জাইদুল ইসলাম বাদশার ছেলে এবং দিয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আলম হোসেনের ছেলে স্বপনের (৩০) সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে ফাহিমা বেগমের (২০) তিন বছর আগে বিয়ে হয়। মাস খানেক আগে পারিবারিক কলহের কারণে ফাহিমা রাগ করে বাবার বাড়ি চলে যান। গত শনিবার রাতে ফাহিমার স্বামী স্বপন তাঁর ছোট ভাই জয়নাল ও তাঁর বন্ধু একই এলাকার ছোট স্বপন ও সোহানকে নিয়ে ফাহিমাকে আনতে যান। সেখানে ফাহিমার পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবারের লোকজন গরু চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁদের মারধর করে। সে সময় এলাকাবাসী জয়নাল ও ছোট স্বপনকে আটক করে পুলিশে দেয়। ফাহিমার স্বামী বড় স্বপন পালিয়ে যান। ওই রাতে সোহান বাড়ি না ফেরায় সোহানের বাবা জাইদুল ইসলাম ছেলেকে খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ করেন।
এ অবস্থায় আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দা এনামুল ও তাঁর ভাতিজা ছাইদুল মাছ ধরতে পালপাড়া ছড়ায় গেলে একটি মৃতদেহ দেখতে পান। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে সোহানের আত্মীয়স্বজন গিয়ে লাশটি সোহানের বলে নিশ্চিত করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লাশ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ছাড়া ফাহিমার বাবা তাঁদের বাড়িতে হামলা করার জন্য গতকাল রোববার একটি মামলার করেছেন।