অবরোধের ৭২ তম দিন আজ: মৌলভীবাজারে বাসে আগুনে দগ্ধ ২, চট্টগ্রামে বাসে পেট্রলবোমা
কুড়িগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও লাগাতার অবরোধের মধ্যে গতকাল মঙ্গলবার কুড়িগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আটজন। মৌলভীবাজারে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন দুজন। চট্টগ্রামে গ্রিনলাইন পরিবহনের একটি বাসেও পেট্রলবোমা ছোড়া হয়েছে। এ ছাড়া কক্সবাজারে ভাঙচুর করা হয়েছে তিনটি যানবাহন।
গতকাল ছিল অবরোধের ৭১তম দিন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু সহিংসতার। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২১ জন; আহতের সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬০টি।
এদিকে নাশকতায় জড়িত সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলা থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার বা আটক করা হয়েছে ২৫ জনকে।
ঢাকার মুগদার মদীনাবাগ এলাকায় গত রাত সোয়া আটটার দিকে দুর্বৃত্তের ছোড়া ককটেলের আঘাতে সবুজ মিয়া (৩৫) নামের একজন রিকশাচালক আহত হয়েছেন। কামরাঙ্গীরচরে হাজি ফিলিং স্টেশনের কাছে গতকাল রাত ১০টার দিকে ককটেল বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। মেহেদি হাসান, সাদিক, রাব্বি ও সাব্বির নামের ওই চার শিশুর মধ্যে তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার শিশুর একজনের বাবা আবদুল হান্নান বলেন, বাচ্চারা রাতের খাবারের পর ওই ফিলিং স্টেশনের আলোয় খেলা করছিল। এ সময় ককটেল বিস্ফোরিত হয়। তবে কীভাবে ককটেল বিস্ফোরিত হয়েছে, তা তিনি জানেন না।
পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় গতকাল পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ আটজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটিকে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। তখন পুলিশ সাতটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জামায়াতের নেতা ও পরম আলী এবতেদায়ি মাদ্রাসার সুপার আবদুল হক (৫৪) গুলিবিদ্ধ এবং আরও সাতজন আহত হন।
বাসে আগুনে দগ্ধ ২: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের তেলিগুল এলাকায় গত সোমবার রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সুপারভাইজার আবুল হোসেন (২৭) ও চালকের সহকারী মাছুম আহমেদ (২৫) দগ্ধ হন। বাসটি বড়লেখা-সিলেট সড়কপথে যাত্রী পরিবহন করে থাকে। ওই দিন রাতে তাঁরা দুজন বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
বাসে পেট্রলবোমা হামলা: চট্টগ্রাম পুলিশলাইনের সামনে দাঁড়িয়ে থাকা গ্রিনলাইন পরিবহনের বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির চালকের আসন ও ইঞ্জিন পুড়ে গেছে। সোমবার রাত ১১টার দিকে নগরের খুলশী থানার দামপাড়ায় এ হামলা চালানো হয়। পুলিশ জানায়, গ্রিনলাইনের কাউন্টারের সামনে বাসটি দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগেই বাসটিতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
যানবাহন ভাঙচুর, আহত ৩: কক্সবাজারের পেকুয়া উপজেলার চৈরভাঙ্গা স্টেশনের পশ্চিমে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনটি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক, চালকের একজন সহকারী ও এক যাত্রী আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ১১ ও ১২ মার্চ এ উপজেলায় অন্তত ৪৬টি যানবাহন ভাঙচুর করা হয়েছিল।
গ্রেপ্তার-আটক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা উত্তর ছাত্রশিবিরের সাথি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কানসাট থেকে ২৩টি ককটেল উদ্ধার করার দাবি করেছে পুলিশ। বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় গতকাল উপজেলা যুবদলের সহসভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ পৌর শহরে সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমানকে বাসা থেকে আটক করেছে যৌথ বাহিনী। নাশকতার অভিযোগে তিনিসহ তিনজনকে এদিন রাতে আটক করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় গতকাল সকালে পুলিশ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া দুপুরে রৌমারী উপজেলার উত্তর বাগুয়া গ্রাম থেকে নাশকতার প্রস্তুতির অভিযোগে জামায়াত ও ছাত্রী সংস্থার ১৬ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল দুপুরে ছাত্রশিবিরের নেতা আলী লাহান ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।