কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে ১০ টাকা কেজি দরের চালের তালিকায় নাম থাকলেও চাল পায়নি অনেক পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
ফুলবাড়ীর আবদুল জলিল, বদিয়ার, শাবুল হোসেন বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম ওয়ার্ডের ১৪৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আমাদের নাম ছিল। আমরা সবাই হতদরিদ্র পরিবারের সদস্য। ক্রমিক নম্বর ৬৮ আবদুল জলিল, ৬৯ শাবুল হোসেন ও ১৭৬ বদিয়ার। এ ছাড়া ক্রমিক নম্বর ৭৭ তৈয়ব, ৮৩ মরজিনা, ১৪৭ শহিদুল, ১৫৮ ছবরুল, ১৫৯ ছামাত, ১৬২ তমোর উদ্দিন, ১৬৯ সাহের আলী, ১৭০ কাশেম, ১৭৫ কবির, ১৭৯ মিজানুর, ১৮৫ সুখলাল, ১৮৮ জাহেরা, ১৯১ শেপালী, ২০৫ মকছেদুল ও ২০৯ ইসমাইল তালিকায় নাম থাকার পরও এখনো চাল পাননি। প্রতিদিন সংশ্লিষ্টদের কাছে যাচ্ছি। কোনো উত্তর না দিয়ে আমাদের তারা ঘুরাচ্ছে। আবার দেখা গেছে, তালিকায় নাম থাকার পরও কার্ড না দিয়ে ফ্লুইট দিয়ে নাম মিশিয়ে কার্ডগুলো মেম্বার-চেয়ারম্যানরা নিজেদের লোককে দিয়েছেন। অনেক দলীয় নেতা-কর্মী ও প্রভাবশালীরাও চাল পাচ্ছেন।’
এ প্রসঙ্গে বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খয়বর আলী বলেন, বরাদ্দকৃত কার্ড সংশ্লিষ্ট ইউপি সদস্যের হাতে হাতে দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে কার্ড দেওয়ার পরও কেউ কার্ড না পেলে তার জন্য দায়ী ইউপি সদস্যরা। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীর ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ভূরুঙ্গামারীর আন্ধারীরঝার ইউনিয়নে একেই অভিযোগ করেছেন ২০ জন ভুক্তভোগী। তালিকাভুক্ত আমেজ, সুরমান, আবু তালেব সাইদুল, আবদুস সামাদ, রাশেদা, জয়গুন, ফাতেমা, জালাল, হাছেন, কলিমুদ্দিন, আবদুল কাদের, আনোয়ার, আবদুল মালেক, আছিরন, কাদের, আবুল হোসেন, সোলেমান, আছিয়া, আমিনুরও ওই চাল পাননি।
এ ব্যাপারে কথা বলতে আন্ধারীরঝার ইউপির চেয়ারম্যান রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভূরুঙ্গামারীর ইউএনও আজহারুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান তাঁকে জানিয়েছেন, ওই নামের লোকগুলো খুঁজে পাওয়া যায়নি। তবে আজ শুক্রবার যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।