কুড়িগ্রামে ধর্ষণের শিকার শিশুটির সন্তান প্রসব
ধর্ষণের শিকার এক শিশু দিনের পর দিন যন্ত্রণা সয়ে পেটের ভেতরে বড় করেছে আরেক শিশুকে। ভয়ে কাউকে ধর্ষণের কথা বলতেও পারেনি। অবশেষে জন্ম দিয়েছে আরেক শিশু। গত বুধবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ওই স্কুলছাত্রী (১২) পুত্রসন্তানের মা হয়।
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মা-ছেলে। এর আগে ধর্ষণের অভিযোগে গত ৭ জুলাই নাগেশ্বরী থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহারে জানা যায়, নাগেশ্বরীর খেওনীটারী গ্রামের জাকিরুল ইসলাম (২০) ওই শিশুকে দিনের পর দিন ধর্ষণ করেন। জানাজানি হওয়ার পরে স্থানীয় হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর জামালের সভাপতিত্বে কয়েক দফা বৈঠক হয়। সেখানে মীমাংসা না হওয়ায় গত ২৭ জুলাই জাকিরুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন শিশুটির দিনমজুর বাবা।
ধর্ষণের শিকার শিশুটি জানায়, গত ডিসেম্বরের এক সন্ধ্যায় ছুরির ভয় দেখিয়ে জোর করে নিজ বাড়িতে তুলে নিয়ে জাকিরুল তাকে ধর্ষণ করেন। এরপর থেকে জাকিরুল প্রায়ই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ কথা কাউকে বললে গলা কেটে হত্যার হুমকি দেন। ভয়ে সে বাড়িতে কাউকে জানায়নি।
মেয়েটির বাবা জানান, তিনি ঢাকায় রিকশা চালান। তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। গত মে মাসে বাড়িতে এসে তার শিশুকন্যার অস্বাভাবিক অবস্থা দেখে স্থানীয় চিকিৎসকের কাছে মেয়েটির চিকিৎসা করান। এতে ভালো না হলে নিয়ে যান নাগেশ্বরীতে। সেখানে টিউমারের চিকিৎসা করানো হয়। এভাবে ২০ থেকে ২৫ দিন চলে যায়। মেয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। যন্ত্রণা অসহ্য হলে একপর্যায়ে মেয়ে জানায় টিউমার নয়, তার পেটে বাচ্চা। আর এ জন্য দায়ী জাকিরুল। এ ঘটনা নিয়ে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় কেউ বিচার করেনি। উল্টো হুমকি দেয় গ্রামছাড়ার। বাধ্য হয়ে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। এরপর নিরাপত্তার অভাবে মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মা ও শিশু দুজনই অপুষ্টিতে ভুগছে। সন্তান বুকের দুধ পাচ্ছে না।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, দেরিতে মামলা হলেও আসামি ধরতে পুলিশ তৎপর রয়েছে।
পলাতক থাকায় এ বিষয়ে জাকিরুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।