বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামের ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টুলু (৬০)। বাড়ি কাউয়ার চর গ্রামে। আহত ব্যক্তির নাম সিফাদ আলী (৩৫)। বাড়ি একই ইউনিয়নের ছাট কড়াইবাড়ী গ্রামে। দুজনই গরু ব্যবসায়ী বলে স্থানীয় লোকজনের ভাষ্য।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমানের ভাষ্য, ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে ধর্মপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিল একটি দল। এ সময় বিএসএফ গুলি ছোড়ে। এতে একজন নিহত ও একজন আহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান বলেন, ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

রৌমারী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রুহানি বলেন, একজনের লাশ এসেছে। লাশের ময়নাতদন্ত হবে। আহত ব্যক্তিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।