কুড়িগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে গতকাল শনিবার বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই রফিকুল (৪০) খুন হয়েছেন। বড় ভাই মোকছেদ আলীকে (৪৮) আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবরাম গ্রামের মৃত কেসমত আলীর দুই ছেলে মোকছেদ আলী ও রফিকুলের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মোকছেদ ধারালো ছুরি দিয়ে রফিকুলের ওপর আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মোকছেদকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।