কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যায় সন্দেহভাজন দুজন গ্রেপ্তার
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের আজিজুল ইসলামের ছেলে আবু নাসের ওরফে রুবেল (২০) ও কুড়িগ্রামের সদর উপজেলার পলাশবাড়ী মুন্সিপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মাহাবুব হাসান মিলন (২৮)।
মামলার তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক জানান, গত বৃহস্পতিবার ভোরে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিরহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গোপন বৈঠক চলার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিন পুলিশ কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. তবারক উল্ল্যাহ জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, ‘রিমান্ডে নেওয়ার পর তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করি, খুব তাড়াতাড়ি হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারব।’
গত ২২ মার্চ কুড়িগ্রাম পৌরসভার গাড়ীয়াল পাড়ার (গড়ের পার) বাসিন্দা ধর্মান্তরিত খ্রিষ্টান হোসেন আলীকে (৬৮) তাঁর বাড়ির কাছে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে কলেজ পাড়া ও বকসী পাড়া দিয়ে পালিয়ে যায় তারা।