কুড়িগ্রামে সংঘর্ষ, বাড়িতে আগুন, দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম শহরের দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলাকালে সওদাগরপাড়ার ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। ছবি: প্রথম আলো
কুড়িগ্রাম শহরের দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলাকালে সওদাগরপাড়ার ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। ছবি: প্রথম আলো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকায় দুটি পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় সওদাগরপাড়ার ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় এবং সেতু এলাকার ২০টি দোকান ভাঙচুর করা হয়।

এ অবস্থায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে সকাল সাতটা থেকে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষের ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বুধবার রাত নয়টায় রিকশাভাড়াকে কেন্দ্র করে শহরের একতাপাড়া ও সওদাগরপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষের জের ধরে সকাল সাতটা থেকে পাঁচ ঘণ্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে যান চলাচল বন্ধ ছিল। ছবি: প্রথম আলো
সংঘর্ষের জের ধরে সকাল সাতটা থেকে পাঁচ ঘণ্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে যান চলাচল বন্ধ ছিল। ছবি: প্রথম আলো


এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও দুই পাড়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহত লোকজনকে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে সওদাগরপাড়ার কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি।

অন্যদিকে সেতু এলাকায় ২০টি দোকান ভাঙচুর করা হয়। পুলিশের জনবল কম থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল। পরে অন্যান্য উপজেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে কাঁদানে গ্যাসের অতিরিক্ত শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরসহ চারটি থানার অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে।