কুড়িগ্রামে সংঘর্ষে আহত ১১, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বসুনিয়াহাট আহমদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ঘটনায় পুলিশ একটি রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় মহির (৩২), এনামুল (৩১) ও মিলন (২৭) নামের তিনজনকে ও যাত্রাপুর ইউনিয়নের রশিদিয়া কারিমিয়া মাদ্রাসা কেন্দ্রে আবু হাসান (২৪) ও খোরশেদ (৩৪) নামের বিএনপির দুই সমর্থককে আটক করে পুলিশ।
এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রোকনুজ্জামান বিদ্যুৎ (৩২) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।
বেলা আড়াইটার দিকে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র মোটরসাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে রোকনুজ্জামান বিদ্যুৎকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ফেরদৌস আল রিফাতকে (১৭) কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী আলতাফ হোসেন ও মাহফুজার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁদের মধ্যে সঞ্জিত (৩২), কাওছার (৩০) ও আবদুল সরদারকে (৫০) কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া সদরের বেলগাছা ইউনিয়নের বসুনিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসুনিয়াহাট আহমদিয়া দাখিল মাদ্রাসা, চিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আত্মারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বসুনিয়াহাট আহমদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে একটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই এলাকার ধনঞ্জয় গ্রামের মহির, এনামুল ও মিলনকে পুলিশ আটক করে।
কুড়িগ্রামের পুলিশ সুপার খান মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে জেলার তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।