কুড়িগ্রামে স্বর্ণের দোকানে চুরি
কুড়িগ্রামের আদর্শ পৌর বাজারের এসবি অলংকার নামের একটি স্বর্ণের দোকান থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
গত শনিবার বিকেলে দোকানের কর্মচারীরা দোকানের কলাপসিবল গেট খোলা রেখে শাটারে তালা লাগিয়ে সবুজপাড়ার বাসায় খেতে যান। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে দোকানে এসে তালা খুলে দেখতে পান দেড় শ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
আশপাশের ব্যবসায়ীরা জানান, বিকেলে অপরিচিত কয়েক যুবককে বন্ধ দোকানের সামনে প্লাস্টিকের ত্রিপল মেলে আবার তা ভাঁজ করতে দেখেছেন। এ সময় ত্রিপলের আড়ালে থেকে শাটারের নিচ দিয়ে ভেতরে ঢুকে তারা এ ঘটনা ঘটাতে পারে।
এদিকে দোকানের ভেতর থাকা সিসি ক্যামেরার ফুটেজে এক চোরকে স্বর্ণালংকার নিয়ে ব্যাগে ভরতে দেখা গেলেও মুখোশ পরা থাকায় তাকে চেনা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও দোকানের কর্মচারীসহ পাশের দুই ফল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে।
এস বি অলংকারের স্বত্বাধিকারী সুবোধ কুমার বণিক বলেন, দোকানের ভেতরে থাকা প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সোবহান বলেন, স্বর্ণের দোকানে চুরি যাওয়ার ঘটনায় তদন্ত চলছে। সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষাসহ দোকানের কর্মচারী ও আশপাশের ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।