কুড়িগ্রামে ১৭৮টি ভারতীয় গরু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গতকাল বুধবার ১৭৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির বিজিবির টহল দল গতকাল ভোররাতে আন্তর্জাতিক পিলার ৯৮৮ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচরে (নদী হতে) অবস্থান নেয়। পরে কয়েকজন নদীপথে কলার ভেলায় গরু বেঁধে নিয়ে আসতে থাকলে টহল দলকে দেখে তাঁরা গরু ভেলা রেখে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে সেখান থেকে ভারতীয় ৭১টি গরু আটক করা হয়।

এদিকে ধলডাংগা বিওপির টহল দলের সদস্যরা একই সময় আন্তর্জাতিক পিলার নম্বর ৯৮৮ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর থেকে ভারতীয় ৬৪টি গরু আটক করেন। ভাওয়ালকুড়ি বিওপির সদস্যরা ভারতীয় ৫টি গরু আটক করেন। ময়দান বিওপির সদস্যরা ভারতীয় ১৮টি গরু জব্দ করেছেন, যার সিজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। দিয়াডাংগা বিজিবি সদস্যরা ভারতীয় ১৫টি গরু জব্দ করেন। এ ছাড়া ধলডাংগা বিজিবির সদস্যরা ভারতীয় ৫টি গরু চোরাই পথে ভারত থেকে নিয়ে আসার সময় আটক করেন।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ পিএসসি বলেন, বিভিন্ন সীমান্ত থেকে ওই ১৭৮টি গরু আটক করা হয়। এসব গরু কাস্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলাম করা হবে।