কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে পরিত্যক্ত এক বোমা বিস্ফোরণে গতকাল সোমবার ১০ বছরের এক শিশু আহত হয়েছে। আহত শিশুর নাম মো. সাগর। সাগর দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা। তার বাবা ওসমান ভ্যানগাড়ির চালক।
এলাকাবাসী ও থানা-পুলিশ জানায়, দক্ষিণ ইসলামপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের পাশের এক জমিতে গতকাল বেলা ১১টার দিকে এক বন্ধুকে নিয়ে ক্রিকেট খেলছিল সাগর। এ সময় জমির পাশে লাল টেপ প্যাঁচানো একটি বস্তু পড়ে থাকতে দেখে সে কুড়িয়ে হাতে নেয়। এ সময় বোমাটি তার হাত থেকে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার বাম পায়ের হাঁটুর অংশে গভীর ক্ষত হয়। পরে সাগরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।