কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কয়েক বছর ধরে সৈকতের বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে। এর পেছনে রয়েছে প্রভাবশালী কয়েকটি চক্র। প্রশাসন নজরদারি বাড়ালে তারা সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ রাখে। কিন্তু কিছুদিন পর আবার বালু তোলা শুরু করে। এতে যেমন সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি সৈকত ঝুঁকির মুখেও পড়ছে।
গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সৈকতের পশ্চিম দিকের মিরা বাড়ি মাদ্রাসাসংলগ্ন সৈকত থেকে বালু কেটে ট্রলিতে তুলছেন দুই শ্রমিক। অন্তত ২৫ ফুট জায়গায় গর্ত করে বালু তোলা হয়েছে। ইঞ্জিনচালিত একটি ট্রলিতে করে সেই বালু নেওয়া হচ্ছে। বালু তুলছিলেন মো. আলম মিয়া ও মো. হেমায়েত উদ্দিন নামের দুই শ্রমিক। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে তাঁরা বলেন, ‘কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ ওরফে তপু এবং মাছের আড়তদার মো. বশির হাওলাদারের নির্দেশে কাজ করছি। এখান থেকে তাঁরা বালু উত্তোলন করতে বলেছেন।’
যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে, সেখানকার সৈকত-সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সিসি ব্লকসহ প্রায় ২০০ ফুট অংশ সাগরের ঢেউয়ে ভেঙে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক ব্যক্তি জানান, কুয়াকাটা সৈকতের এ অংশ এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছর এ অংশের বাঁধ সংস্কার করতে হয়। এর মধ্যেই এখান থেকে মাঝে মাঝে বালু উত্তোলন করা হচ্ছে। গত বৃহস্পতিবার দুই দফা ট্রলিতে করে বালু কেটে নেওয়া হয়েছে। প্রভাবশালী কয়েকটি চক্র নিজেদের প্রয়োজনে যখন খুশি সৈকত থেকে বালু কেটে নিয়ে যায়। গত বছরও কুয়াকাটা এলাকার সৈকত এবং সাগর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলে বালু তুলে নেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে তোফায়েল আহম্মেদ ও মো. বশির হাওলাদার বলেন, ‘কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি ভরাট করার জন্য বালুর প্রয়োজন। এ জন্য শ্রমিকদের সঙ্গে চুক্তি হয়েছিল। তবে তারা সৈকত থেকে বালু কেটে আনছে, তা জানতাম না। খবর পেয়ে শ্রমিকদের বকাঝকা করেছি। বালু কাটাও বন্ধ করে দিয়েছি।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, বিগত দিনে একটি প্রভাবশালী চক্র সৈকতে বালু তোলার কাজ করেছে। এখনো তা অব্যাহত আছে। এতে সৈকত-সংলগ্ন বাঁধের ক্ষতি হচ্ছে।
কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘সৈকত থেকে কাউকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ তা করে থাকেন, তবে তা আইনত অপরাধ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য জনসচেতনতা বাড়াতে কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি এ বিষয়ে নজরদারিও বাড়ানো হবে।