কুয়াকাটা সৈকত দখল করতে গাছ উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি সংরক্ষিত বনের গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। গোড়ায় আগুন দিয়ে গাছ মারার কৌশল নিয়েছে তারা। মামলা, এমনকি শাস্তিমূলক ব্যবস্থার পরও তা ঠেকানো যাচ্ছে না।
বন বিভাগের ধারণা, সৈকত দখল করতেই এভাবে গাছ উজাড় করা হচ্ছে।
বন বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, পর্যটনকেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি, লতাচাপলি ও খাজুরা এলাকা নিয়ে পটুয়াখালীর মহিপুর রেঞ্জ কার্যালয়ের আওতায় ১৩ হাজার ৯৮০ একর বন রয়েছে। এখানে ছোট-বড় মিলিয়ে ১৪ লাখের মতো কড়ই, তেঁতুল, রামতেঁতুল, গেওয়া, কেওড়া, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তবে কেওড়া ও আকাশমণিই বেশি।
বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ও সাগরে প্রবল জোয়ারের চাপে বনের বহু গাছ উপড়ে পড়েছে। জোয়ারে গাছের শ্বাসমূল বালিতে ঢেকে গিয়েও বহু মূল্যবান গাছ মরে যাচ্ছে। দুর্বৃত্তরা উপড়ে পড়া এবং মরা গাছগুলো যন্ত্রচালিত করাত দিয়ে কেটে খণ্ড খণ্ড করে নিয়ে যায়। দুর্বৃত্তরা মূলত গাছের চোরাকারবারি হিসেবে এলাকায় পরিচিত। তবে বন বিভাগ মনে করছে, এবার গোড়ায় আগুন দিয়ে বনের গাছ মারা হচ্ছে ভূমি দখলের উদ্দেশ্যে।
পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র প্রথম আলোকে বলেন, কুয়াকাটায় সৈকত লাগোয়া বন। ভূমিদস্যুরা সৈকতের ভূমি দখলের উদ্দেশ্যে গাছ কেটে ফেলছে বলে তাঁর ধারণা। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এ বছরের শুরুতে দুই দফায় গঙ্গামতি পয়েন্ট থেকে ৭০টি কেওড়াগাছ কাটার ঘটনায় বন বিভাগ ওই তিনটি মামলা করে। কলাপাড়া থানায় একটি ও কলাপাড়া মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি মামলা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়। এরপরও বনের গাছ কাটা বন্ধ হচ্ছে না। বন বিভাগ বলছে, লোকবল ও যানবাহন সংকটই এর কারণ।
১৩ মে সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার পূর্বদিকে গঙ্গামতি পয়েন্টে ছোট-বড় বেশ কিছু গাছের গোড়া পড়ে আছে। আবার অনেক গাছের গোড়ায় ছাল-বাকল চেঁছে ফেলে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছের গোড়ায় এভাবে আগুন দিয়ে যায়। এতে করে গাছ ধীরে ধীরে মরে যায়। পরে সেগুলো কেটে নিয়ে যায় তারা। এই কৌশল নেওয়ার কারণ হলো, জীবিত গাছ কাটলে বন বিভাগ থেকে বাধা আসে। কিন্তু মরা গাছ কাটলে অনেক সময় কেউ কিছু বলে না।
জানতে চাইলে বন বিভাগের মহিপুর রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এ সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটা বন্ধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে প্রায় ১৪ হাজার একর বনাঞ্চল দেখাশোনার জন্য রয়েছেন মাত্র ১২ জন কর্মচারী। এই সীমিত কর্মচারী দিয়েই দিন-রাত পাহারা দিতে হচ্ছে। আমাদের প্রয়োজনীয় কোনো যানবাহন যেমন নেই, তেমনি বনের মধ্যে থাকারও কোনো ব্যবস্থা নেই।’ গোড়ায় আগুন দিয়ে গাছ মেরে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুষ্ক মৌসুমে এমন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এখন আর কেউ আগুন দিয়ে গাছ মারতে পারছে না।’
ভূমিদস্যুরা নতুন কৌশল হিসেবে আগুন দিয়ে গাছ মেরে ফেলা প্রসঙ্গে জানতে চাইলে অজিত কুমার রুদ্র বলেন, বনভূমির সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করলে গাছ কাটা অনেকটা বন্ধ হয়ে যাবে।