কুয়াকাটা সৈকতে বন বিভাগের ৪০০ একর জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গঙ্গামতি ও লতাচাপলি মৌজায় বন বিভাগের চার শতাধিক একর জমি বেদখল হয়ে গেছে। স্থানীয় কয়েক ব্যক্তি ও কতিপয় আবাসন প্রতিষ্ঠান এ দখলদারির সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা মালিকানা দাবি করে সংরক্ষিত বনের ভূমি ও বন বিভাগের বাগানে সাইনবোর্ড ও সীমানা স্তম্ভ স্থাপন করেছে।

এদিকে অবৈধ দখলদার হিসেবে ওই দুটি মৌজায় ১০৬ জন ও কয়েকটি আবাসন প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বন বিভাগ। ভূমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগ গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দিয়েছে।

উপকূলীয় বন বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, গঙ্গামতি মৌজায় ১ হাজার ৩৩৮ একর ও লতাচাপলি মৌজায় ২ হাজার ১৬৫ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙন ও সাগরের ঢেউয়ের আঘাতে এখানকার বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও ছোট-বড় মিলিয়ে আনুমানিক ৩০ লাখের মতো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এর মধ্যে কড়ই, তেঁতুল, রাম তেঁতুল, গেওয়া, কেওড়া ও আকাশমণি উল্লেখযোগ্য। এ ছাড়া গঙ্গামতি ও লতাচাপলি এলাকার ২ হাজার ২০০ একর খাসজমিতে গাছ লাগিয়ে বাগান করা হয়েছে। গঙ্গামতি মৌজায় ১১৫ দশমিক ২৫ একর বনভূমি অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। এখানে ৫১ জন দখলদারকে চিহ্নিত করেছে বন বিভাগ। এ ছাড়া লতাচাপলি মৌজায় ২৯৭ একর বনভূমি ৫৫ জন ভূমিদস্যু ভোগদখল করছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা এলাকার বেড়িবাঁধের বাইরে সৈকত লাগোয়া বনভূমিতে কুয়াকাটা এস্টেট লিমিটেড, সানরাইস বিচ রিসোর্ট, বসুধা বিল্ডার্স লিমিটেডের বিলবোর্ড রয়েছে। এ ছাড়া ব্যক্তিমালিকানা দাবি করেও জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

গঙ্গামতির কাউয়ার চরে দেখা যায়, বন বিভাগের ১২৫ একরের নতুন বাগান নিজেদের সম্পত্তি দাবি করে চারপাশে সীমানা পিলার (স্তম্ভ) ও সাইনবোর্ড স্থাপন করেছে কুয়াকাটা এস্টেট লিমিটেড। গঙ্গামতি ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফরউল্লাহ বলেন, জলবায়ু সহিষ্ণু অংশীদারত্বমূলক বনায়ন ও উপকূলীয় প্রকল্পের আওতায় এখানে নতুন জেগে ওঠা চরের ১২৫ একর জমিতে বনায়ন করেছে বন বিভাগ। উপকারভোগী রয়েছে ১৩০ জন। এখন এই বনের দখল নিতে সাইনবোর্ড স্থাপনসহ বন বিভাগের লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

গঙ্গামতি এলাকায় গিয়ে দেখা যায়, বন বিভাগের গাছ কেটে সানরাইস বিচ রিসোর্ট নামের একটি আবাসন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বসানো হয়েছে। এ ছাড়া বসুধা বিল্ডার্স লিমিটেডও বন বিভাগের ভূমিতে সাইনবোর্ড স্থাপন করেছে। কাউয়ার চর এলাকায় বেড়িবাঁধের বাইরে বন ভূমিসহ সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, কতিপয় আবাসন প্রতিষ্ঠান স্থানীয় ব্যক্তিদের বনভূমি ও সরকারি খাসজমি দখল করতে সহযোগিতা করছে। পরে তাদের কাছ থেকে ওই জমি নামমাত্র দামে কিনে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

বসুধা বিল্ডার্স লিমিটেড, কুয়াকাটার প্রশাসনিক কর্মকর্তা মো. রাজা নাসির উদ্দিন খান বলেন, ২০১১ সালে তাঁরা কুয়াকাটা এস্টেট লিমিটেডের কাছ থেকে ৫৮ দশমিক ৬৫ একর জমি কিনেছিলেন। ওই জমিতে সাইনবোর্ড স্থাপন করার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অপসারণের চিঠি এলে তাঁরা জানতে পারেন জালিয়াতির মাধ্যমে সরকারি জমি বিক্রি করা হয়েছে। কুয়াকাটা এস্টেটের বিরুদ্ধে তাঁরা তিনটি মামলা করেছেন। সরকারি জমির ওপর থেকে তাঁদের সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করে নিয়েছেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

বনভূমি দখল কিংবা সরকারি খাসজমি জালিয়াতি করে বিক্রির অভিযোগ অস্বীকার করেন কুয়াকাটা এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ‘ওই জমি আমাদের রেকর্ডীয় সম্পত্তি। এর আগে ভাঙনে বিলীন হয়েছিল। এখন নতুন করে চর পড়েছে।’

সানরাইস বিচ রিসোর্টের পরিচালক আবদুর রহমান সোহেল মুঠোফোনে বলেন, ‘বনের গাছ কাটার সঙ্গে আমাদের কেউ জড়িত নেই। ওই জমি আমাদের রেকর্ড করা সম্পত্তি। তারপরও সীমানা নির্ধারণের সময় যদি জমি না পাওয়া যায়, তাহলে ওই জমি থেকে সাইনবোর্ড সরিয়ে নেওয়া হবে।’

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, কুয়াকাটায় সৈকত লাগোয়া সংরক্ষিত বনভূমি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়। গত বছরের ৯ সেপ্টেম্বর দখলদারদের নামের তালিকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে কাছে চিঠি দেওয়া হয়েছিল। পরে ১২ ডিসেম্বর এক চিঠিতে জেলা প্রশাসন কে, কোথায়, কতটুকু জমি দখল করেছে, তা জানতে চেয়ে চিঠি দেয়। বিস্তারিত জরিপ শেষে গত বৃহস্পতিবার এ বিষয়ে আরেকটি চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, কুয়াকাটায় অবৈধ দখলদারদের চিহ্নিত করা হচ্ছে। এরপরই উচ্ছেদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।