কুয়াকাটা সৈকতের জমি দখল চলছেই
>সরেজমিনে দেখা গেছে, কাউয়ারচরের সৈকতে কুয়াকাটা এস্টেটস লিমিটেড, বসুধা বিল্ডার্স লিমিটেডসহ বেশ কিছু আবাসন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড এবং ব্যক্তিগত সাইনবোর্ড রয়েছে। এ ছাড়া চিহ্নিত সৈকত এলাকায় বিভিন্ন ধরনের পাকা-আধা পাকা নির্মাণাধীন স্থাপনা রয়েছে
কুয়াকাটার কাউয়ারচরের বেড়িবাঁধের বাইরে সমুদ্রসৈকতে জমি দখল চলছেই। বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান সরকারি খাসজমির ওপর সাইনবোর্ড-বিলবোর্ড স্থাপন করছে। এমনকি দখলদারেরা নিজেদের সম্পত্তি দাবি করে সাগরের পানির মধ্যেও বেশ কিছু সাইনবোর্ড স্থাপন করেছে।
কলাপাড়া ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কাউয়ারচর মৌজায় ৩০০ একরের বেশি সরকারি খাসজমি রয়েছে। ২০১১ সালে উচ্চ আদালতের নির্দেশে সৈকতের সব স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা নোটিশ দিয়ে অপসারণ করা হয়েছিল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কাউয়ারচরের সৈকতে কুয়াকাটা এস্টেটস লিমিটেড, বসুধা বিল্ডার্স লিমিটেডসহ বেশ কিছু আবাসন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড এবং ব্যক্তিগত সাইনবোর্ড রয়েছে। এ ছাড়া চিহ্নিত সৈকত এলাকায় বিভিন্ন ধরনের পাকা-আধা পাকা নির্মাণাধীন স্থাপনা রয়েছে। কেউ কেউ সীমানাপ্রাচীর নির্মাণ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বসুধা বিল্ডার্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রাজা নাসির উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ২০১১ সালে কুয়াকাটা এস্টেটস লিমিটেড তাদের কাছে সাফ কবলার মাধ্যমে ৫৮ দশমিক ৬৫ একর জমি বিক্রি করে। এ ছাড়া ২০১০ সালের ২৬ অক্টোবর ৮৫ দশমিক ০৮ একর জমি আমমোক্তারনামার ক্ষমতা দেয় তঁাদের প্রতিষ্ঠানকে। এরপর ওই জমিতে তাঁরা সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অপসারণের চিঠি আসে। তিনি বলেন, ‘আমাদের কাছে জাল-জালিয়াতির মাধ্যমে খাসজমি বিক্রি করা হয়েছে। কুয়াকাটা এস্টেটস লিমিটেডের কাছ থেকে রেজিস্ট্রিভুক্ত জমির মধ্যে মাত্র ৩০ একর জমি ছাড়া অন্য জমি খাস। আসলে কাউয়ারচর মৌজার ১ নম্বর খতিয়ানের জে এল নম্বর-৩৭-এর ৩ নম্বর সিটের সরকারি খাসজমি আমাদের কাছে বিক্রি করা হয়েছে।’ তিনি আরও বলেন, এই অবস্থায় কুয়াকাটা এস্টেটস লিমিটেডের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। তবে জেলা প্রশাসনের নোটিশ পাওয়ার পরই সরকারি জমির ওপর থেকে তাঁদের সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণ করে নেওয়া হয়েছে।
এদিকে কুয়াকাটা এস্টেটস আবাসন তাদের নিজস্ব সম্পত্তি দাবি করে সাগরের পানির মধ্যে সাইনবোর্ড স্থাপন করেছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, ‘এ সম্পত্তি আমাদের রেকর্ডীয় সম্পত্তি, তাই দখল করার প্রশ্নই আসে না। এ ছাড়া সরকারি খাসজমি জাল-জালিয়াতি করে বিক্রির অভিযোগও সত্য নয়।’
এদিকে কুয়াকাটা সৈকতের সব স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা অপসারণে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিট আবেদন করলে ২০১১ সালের ২ জুন হাইকোর্ট রুল জারি করেন। এ ছাড়া আদালত বিশেষ কমিটির মাধ্যমে সৈকত এলাকার সীমানা নির্ধারণ, একই সঙ্গে সেখানে যেন নতুন করে দখল ও স্থাপনা নির্মিত না হয়, সেই নির্দেশও দেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এই নির্দেশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতজুড়ে বেড়িবাঁধের বাইরে ২২৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করাসহ এর ৯০ শতাংশ ভেঙে দেওয়া হয়েছিল। বাকিগুলো মালিকপক্ষের মামলা জটিলতার কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় বলেন, ‘এমনিতেই উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, বেড়িবাঁধের বাইরে কোনো স্থাপনা করা যাবে না। সরকারি জমি দখল হয়েছে কি না, তা আমরা যাচাই-বাছাই করে দেখছি। কেউ যদি জাল-জালিয়াতি করে থাকেন, অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, সরকারের খাসজমি যদি কেউ দখল করে, তাহলে দখলদারদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।