কুয়াকাটায় থামছে না বনের গাছ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের কর্মীদের দায়িত্বে অবহেলার কারণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পাশে সংরক্ষিত টেংরাগিরি বন (ম্যানগ্রোভ) থেকে গাছ চুরি থামছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আর বন বিভাগের কর্মকর্তারা বলছেন, গাছ চুরি ঠেকাতে লোকবল ও সরঞ্জাম-সংকট বড় সমস্যা।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অজিত কুমার রুদ্র বলেন, ‘বনের আশপাশে জনবসতি গড়ে ওঠায় বনের ওপর প্রভাব পড়ছে বেশি। তবে আমরা যখনই খবর পাই, তখনই ব্যবস্থা নিই। টহলে ঘাটতি হলে অনেক সময় গাছ চুরির ঘটনা ঘটে থাকে।’ টেংরাগিরি বন ফাতরার বন হিসেবেও পরিচিত।

গত ২৩ নভেম্বর সরেজমিনে দেখা যায়, বনের ভেতর থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুতগতিতে বের হয়ে আসছে। নৌকা দুটি বন থেকে কাটা সুন্দরীসহ ছইলা ও কেওড়াগাছে বোঝাই ছিল। লোকজনের উপস্থিতি টের পেয়ে নৌকা দুটি দ্রুত বনের পাশের আন্ধারমানিক নদের মোহনা ত্যাগ করে।

বন বিভাগের এ এলাকার দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, টহল অব্যাহত থাকায় বন থেকে চুরি করে গাছ কাটা অনেক কমেছে। তারপরও দু-একটি ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটতে পারে। তা ধরার মতো নয়।

স্থানীয় লোকজন বলেন, কোমরপুর গ্রামের পনু মোল্লাসহ কয়েকজন টেংরাগিরি বা ফাতরার বনাঞ্চল থেকে গাছ কেটে থাকেন। খাজুরা গ্রামের সোহেল ফকিরসহ কয়েকজনের বিরুদ্ধে খাজুরার বন থেকে গাছ কাটার অভিযোগ রয়েছে। গাছ কাটার এ দুটি চক্রের বিরুদ্ধে গত দুই বছরে বন আইনে চারটি মামলাও হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য পনু মোল্লা ও সোহেল ফকিরের মুঠোফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া গেছে।

খাজুরা বিটের কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, খাজুরার সংরক্ষিত বনাঞ্চল থেকে এখন আর বনদস্যুরা আগের মতো বড় গাছ কাটতে পারে না। বন বিভাগের কর্মীদের তৎপরতায় এটা রোধ করা গেছে। তবে জ্বালানি কাঠ চুরি বন্ধ করা যায়নি।

স্থানীয় লোকজন আরও বলেন, সাগরের কূলঘেঁষা অংশে গাছ চুরির ঘটনা বেশি ঘটে থাকে। বন থেকে কেটে আনা গাছ প্রথমে লুকিয়ে রাখা হয়। এগুলো কিছুটা পুরোনো হলে বের করে করাতকলে নিয়ে চেরাই করা হয়। গ্রামের লোকজনই এসব গাছ কিনে নিয়ে যান। জ্বালানি কাঠগুলো সাধারণত জেলে নৌকা ও ট্রলারের মাঝিদের কাছে বিক্রি করা হয়। এগুলো মহিপুর, আলীপুর ও কুয়াকাটায় ব্যবসায়ীদের কাছেও বিক্রি করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র আরও বলেন, ‘গাছ চুরি ঠেকাতে লোকবলের অভাব সবচেয়ে বড় সমস্যা। প্রতিটি বিটে কমপক্ষে পাঁচজন বনপ্রহরী থাকা দরকার। সেখানে কোথাও একজন, আবার কোথাও দুজন প্রহরী কাজ করছেন। পাশাপাশি রয়েছে নৌযানের সমস্যা। মাত্র দুটি স্পিডবোট রয়েছে, তা-ও জেলা সদরে রাখা হয়। টহলের কাজে এগুলো ব্যবহার করা হয়। অনেক সময় জ্বালানি তেলের অভাবে এগুলো ব্যবহার করতে পারি না।’