কুয়াকাটায় মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবা আশ্রমের দুর্গামণ্ডপের দরজা ভেঙে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।


মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ধর্ম শিক্ষক নির্মল রায় জানান, শিক্ষার্থীদের পড়ানোর পর রাত ১০টার দিকে মন্দিরের প্রবেশপথসহ দরজাগুলো তালাবদ্ধ করে সবাই ঘুমিয়ে পড়ে। আজ শনিবার ভোরে মঙ্গল আরতি করতে গিয়ে দুর্গামণ্ডপের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখা যায়, সরস্বতী প্রতিমা সম্পূর্ণ এবং দুর্গা প্রতিমার চারটি হাত ভাঙা। ঘটনাটি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে খবর পেয়ে কুয়াকাটার পৌর মেয়র বারেক মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মন্দির কমিটির সভাপতি বিপুল হালদার বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।