কুয়াকাটায় সংঘর্ষ-ভাঙচুর, এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ছবি: প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল আটটা থেকে প্রায় এক ঘণ্টা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কিন্তু জাতীয় পার্টির প্রার্থীর কর্মীরা নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে ওই কেন্দ্রে গেলে তাঁদের সঙ্গে বিএনপির শতাধিক কর্মী যোগ দেন। কেন্দ্রে ঢোকা না ঢোকা নিয়ে সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে তাঁদের প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। এ সময় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এতে উপস্থিত ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলেও নির্বাচন কর্মকর্তারা ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

সংঘর্ষে আহতরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ছবি: প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ছবি: প্রথম আলো

হাসপাতালে চিকিৎ​সা নেওয়ার সময় আহত কয়েকজনের ভাষ্য, জাতীয় পার্টি ও বিএনপির নেতা কর্মীরা একযোগে কেন্দ্র দখলের চেষ্টা করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টি ও বিএনপির স্থানীয় কোনো নেতা কর্মীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।