কুয়েতগামী যাত্রীর ব্যাগে ইয়াবা-গাঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার কুয়েতগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া দুই কেজি গাঁজা ও তিন হাজার ৩০০ টি ইয়াবা পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মাদ হারুন (৪৫)। আজ বিমানবন্দরের তিন নম্বর ডিপারচার গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেন শুল্ক কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সন্তোষ সরেন প্রথম আলোকে বলেন, আজ বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মোহাম্মদ হারুনের কুয়েত যাওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তিন নম্বর ডিপারচার গেটের সামনে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। হারুন তাঁর ব্যাগের জামা-কাপড়ের ভেতর ইয়াবা ও গাঁজার দুটি প্যাকেট লুকিয়ে রেখেছিলেন। দুটি প্যাকেটই স্কচটেপে মোড়ানো ছিল। হারুনের গ্রামের বাড়ি ফেনীতে। মাদক পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।