কূটনীতিক চলে গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ২৭ কেজি সোনাসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়াং ন্যাম রোববার রাতে ঢাকা ছেড়ে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

সরকার ওই কূটনীতিককে বাংলাদেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। এ জন্য তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে চলে যাওয়ার নির্দেশটি জানাতে গতকাল সকালে ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিউনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল দুপুরে প্রথম আলোকেজানান, সন ইয়াং ন্যামের ব্যাপারে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে জানাতে রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিউন উপরাষ্ট্রদূত ক্যাং কিয়ং ইলকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অণু বিভাগের মহাপরিচালক মো. জসীমউদ্দীনের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, সোনাসহ সন ইয়াং ন্যামের আটক হওয়ার বিষয়টিকে বাংলাদেশ একজন কূটনীতিকের জন্য অশোভন আচরণ হিসেবে বিবেচনা করছে। তাই সরকার চায়, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তিনি বাংলাদেশ থেকে চলে যান। বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে উত্তর কোরিয়ার প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হোক, এটি দেখতে চায় বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিও বাংলাদেশ জানতে আগ্রহী। রাষ্ট্রদূতকে এই বার্তা উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে রাষ্ট্রদূত জানান, রোববার রাতেই ঢাকা ছেড়ে গেছেন সন ইয়াং ন্যাম। এটি জানতে পেরে সরকারের অসন্তোষের কথা রাষ্ট্রদূতকে জানান মহাপরিচালক। কারণ সরকারের পদক্ষেপ নেওয়ার আগেই সন ইয়াং ন্যামের বাংলাদেশ থেকে চলে যাওয়াটা ঠিক হয়নি।

এ সময় রাষ্ট্রদূত রি সং হিউন গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি সহকর্মীর কৃতকর্মের জন্য ক্ষমা চান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে জানান, বাংলাদেশের অবস্থান তিনি উত্তর কোরিয়ার কর্তৃপক্ষকে জানাবেন। এ ব্যাপারে বাংলাদেশ যেসব তথ্য জানতে চেয়েছে, ভবিষ্যতে তা জানানো হবে।

জানা গেছে, সন ইয়াং ন্যামের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, এটি নিয়ে বেশ উদ্‌গ্রীব ছিল ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাস। রাষ্ট্রদূত রি সং হিউন বিষয়টি নিয়ে এতটাই উৎকণ্ঠায় ছিলেন যে তিনি রোববার সকালে ও বিকেলে দুই দফায় স্বতঃপ্রণোদিত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সন ইয়াং ন্যাম যে গুরুত্বর অপরাধ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর দ্বিপক্ষীয় সম্পর্ক দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ নেই। ভিয়েনা কনভেনশনের আলোকেই তাঁর বিরুদ্ধে প্রক্রিয়াগত যে ব্যবস্থা নেওয়া যায়, সেসব পদক্ষেপের আলোকেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।

গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পর ২৭ কেজি সোনাসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় উত্তর কোরিয়ার দূতাবাসের প্রথম সচিব ন্যামকে। ভিয়েনা কনভেনশন, ১৯৬১-এর আওতায় দূতাবাস পরদিন মুচলেকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। জানা গেছে, ২০১১ সালের এপ্রিলে ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের অর্থনৈতিক শাখায় প্রথম সচিব হিসেবে নিয়োগ পান সন ইয়াং ন্যাম।