কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অ-ইউরিয়া সার অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে।

কৃত্রিম সংকট ছাড়াও দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ অ-ইউরিয়া (টিএসপি-ট্রিপল সুপার ফসফেট, ডিএপি-ডাই অ্যামোনিয়াম ফসফেট ও এমওপি-মিউরেট অব পটাশ) সারে সরকারের দেওয়া ভর্তুকি-সুবিধা কেবলই কাগজে, বাস্তবে নেই। এই সুবিধা কৃষকদের পাওয়ার কথা থাকলেও ভর্তুকির টাকা চলে যাচ্ছে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের পকেটে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার ২০০৫ সালের ১ জানুয়ারি আমদানি করা অ-ইউরিয়া সারে ২৫ শতাংশ হারে ভর্তুকি দেওয়া শুরু করে। ২০০৭ সালের ১ জুলাই থেকে ভর্তুকি ১৫ শতাংশ করা হয়। ২০১০ সালের ২১ অক্টোবর কৃষক পর্যায়ে ভর্তুকিসহ প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য এক হাজার ১০০ টাকা (২২ টাকা প্রতি কেজি), ডিএপি এক হাজার ৩৫০ টাকা (২৭ টাকা কেজি) ও এমওপি ৭৫০ টাকা (১৫ টাকা কেজি) নির্ধারণ করা হয়। নিয়মানুসারে বিসিআইসির (বাংলাদেশ রসায়নশিল্প সংস্থা) ডিলাররা বেসরকারি আমদানিকারকদের কাছ থেকে কিনে সরাসরি ও খুচরা সার বিক্রেতাদের মাধ্যমে এবং বিএডিসির ডিলাররা সরাসরি কৃষকদের কাছে সার বিক্রি করবেন। উত্তোলন করা সারের বস্তার গায়ে লাল কালি দিয়ে বড় অক্ষরে ‘ভর্তুকির সার’ কথাটি লিখতে হবে।

কৃষি কার্যালয় সূত্র জানায়, আমন চাষের জন্য এবার উপজেলায় ৩৫১ টন টিএসপি, ৩৪০ টন এমওপি এবং ৫১৭ টন ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। বিসিআইসির ১৩ ও বিএডিসির ২০ জন ডিলার এবং ৬৩ জন খুচরা বিক্রেতার মাধ্যমে উপজেলার কৃষকদের কাছে এ সার বিক্রি করা হচ্ছে।

কৃষকেরা অভিযোগ করেন, বেসরকারি আমদানিকারকদের সরকার ভর্তুকির সার বিক্রির অনুমতি না দিলেও তাঁরা খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করছেন। ডিলার ও খুচরা সার বিক্রেতারা সরকার-নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করছেন। তা ছাড়া বস্তার গায়ে ‘ভর্তুকির সার’ কথাটিও লেখা হয়নি। বাগদহ গ্রামের কৃষক গোলাম মোস্তফা এবার তিন বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি ৩৬ টাকা করে (এক হাজার ৮০০ টাকা বস্তা) ৯০ কেজি ডিএপি এবং ১৬ টাকা করে (৮০০ টাকা) ৩০ কেজি এমওপি সার কিনে খেতে দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ভৈরব নদে কয়েকজন আমদানিকারকের অ-ইউরিয়া সারবোঝাই কয়েকটি বার্জ ও কার্গো অপেক্ষা করছে। এর মধ্যে আমদানিকারী প্রতিষ্ঠান নোয়াপাড়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং এর সহযোগী প্রতিষ্ঠান নোয়াপাড়া ট্রেডিং ও দীপা এন্টারপ্রাইজ তাঁদের বার্জ ও কার্গো থেকে টিএসপি ও ডিএপি সার বেশি দামে বিক্রি করছে।

বিসিআইসির ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) যশোর জেলা শাখার সভাপতি ও অভয়নগরের সার ডিলার শাহজালাল হোসেন বলেন, ভর্তুকির সার বেশি দামে বিক্রির অভিযোগ ঠিক নয়।