কৃষক, চা-শ্রমিক ও যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে ফসলি জমি থেকে গতকাল বৃহস্পতিবার রুস্তম আলী নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে মৌলভীবাজারের কুলাউড়ায় চা-বাগানের কুয়া থেকে পার্বতী কৈরি নামের এক চা-শ্রমিক ও জামালপুরের বকশীগঞ্জে ছাদেক আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নান্দাইল (ময়মনসিংহ): স্থানীয়দের কাছে খবর পেয়ে গতকাল সকালে নান্দাইল মডেল থানার পুলিশ উপজেলার চকমতি গ্রামের ফসলি জমি থেকে রুস্তম আলীর (৪৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। রুস্তম উপজেলার মুশুলি ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত ব্যক্তির স্ত্রী হেলেনা আক্তার বলেন, রুস্তম প্রায় ছয় মাস আগে প্রতিবেশী কাঞ্চন মিয়া, সুলতান মিয়া ও রতন মিয়ার কাছে ৩৬ শতক জমি বিক্রি করেছিলেন। তাঁরা জমি বিক্রির পুরো টাকা পরিশোধ করেননি। গত বুধবার গভীর রাতে রতন মিয়া তাঁর দুই সহযোগী নিয়ে এসে রুস্তমকে ডেকে নিয়ে যান। পরে রাতে আর রুস্তম বাড়ি ফেরেননি। সকালে তিনি স্বামীর লাশ পড়ে থাকার খবর পান। তিনি এই হত্যাকাণ্ডে রতন মিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেন।
ঘটনার পর রতনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। রতনের শাশুড়ি বেদেনা আক্তার বলেন, রতন রুস্তমের কাছ থেকে ১০ শতক জমি কিনেছেন। এখনো ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়নি। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে রতন জড়িত নন বলে দাবি করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা না হলেও পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া থানার পুলিশ ও বাগানের শ্রমিকেরা জানান, গতকাল সকাল ছয়টার দিকে উপজেলার ক্লিভডন চা-বাগানের ৭ নম্বর লাইনের একটি কুয়া থেকে পানি তুলতে গেলে সেখানে কর্মরত শ্রমিকেরা একজনের লাশ দেখতে পান। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্বতী কৈরির লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুর রহমান জানান, এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পার্বতী ওই বাগানের গোগালিছড়া এলাকার বাসিন্দা মৃত শিবশংকর কৈরির স্ত্রী।
জামালপুর: পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত আটটার দিকে ছাদেক আলী (৩৫) রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনও রাতে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি। গতকাল সকালে বাড়ির পাশে বাঁশবাগানের ভেতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির বাবা ছাহেদ আলী বলেন, প্রায় এক বছর ধরে তাঁর ছেলে মানসিক রোগে আক্রান্ত।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, ছাদেক বকশীগঞ্জ পৌর শহরের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।