কৃষক দলের সাবেক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এক পল্লিচিকিৎসককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওরফে সাবু (৪০) আমবাড়িয়া গ্রামের মৃত অজিত মোল্লার ছেলে। লাশ ঘটনাস্থলে রয়েছে। তিনি মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেন তিনি।

নিহত ব্যক্তির ছোট ভাই হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে তাঁর ভাই মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা যাচ্ছিলেন। শ্রীরামপুর গোরস্থানের কাছে পৌঁছালে দুই থেকে তিনটি মোটরসাইকেলে এসে কিছু দুর্বৃত্ত তাঁর গাড়ির গতিরোধ করে তাঁকে (লুৎফর) এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই লুৎফর রহমানের সমর্থকেরা উত্তেজিত হয়ে আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মিলনের দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে জেলা ও মিরপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহম্মেদ বলেন, দুর্বৃত্তরা লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। লাশের সুরতহালের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘আমি মিরপুর উপজেলা পরিষদে উপজেলা উন্নয়ন মেলায় আছি। হঠাৎ ফোনে জানতে পারলাম এলাকায় একজনকে কোপানো হয়েছে। এরপর আমার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’

মশিউর রহমান আরও বলেন, ‘এখন ডিজিটাল যুগ। কারা কী ঘটাল, তা পুলিশ বের করতে পারবে। এ ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমি দোষী হলে আমার বিচার করা হোক। কিন্তু বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এটা কী ধরনের আচরণ।’